অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ। এ সময় জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত চারটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে মহানগরীর শিতলাই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিতলাই গোবিন্দপুর গ্রামের আবুল কালামের ছেলে আমান উল্লাহ আমান (২৭) এবং মাজদার আলীর ছেলে সাকিবুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের আবুল কালামের ছেলে মাসুম (৩৫) পালিয়ে যান। পরে গ্রেপ্তার আমানের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। এসব ফোন তল্লাশি করে সাতটি মোবাইল সিমকার্ড, বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট দুটি নম্বর, অনলাইন জুয়া ও বেটিংয়ের ওয়েবসাইটে চারটি ইউজার আইডি এবং এ-সংক্রান্ত দুটি অ্যাপস পাওয়া যায়।
অন্যদিকে, সাকিবুলের কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। সেটি তল্লাশি করে দুটি সিমকার্ড, বিকাশ ও নগদ হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি নম্বর, অনলাইন জুয়া ও বেটিংয়ের ওয়েবসাইটে তিনটি ইউজার আইডি এবং এ-সংক্রান্ত তিনটি অ্যাপস পাওয়া যায়। এ ছাড়া জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, পলাতক মাসুম দীর্ঘদিন ধরে আমান ও সাকিবুলের সঙ্গে সাইবার স্পেসে বিভিন্ন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম চালিয়ে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দামকুড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মাসুমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।