রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি চোলাইমদ, কফ রিলিফ সিরাপ, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঁচ থানা পুলিশ। এসব অভিযানে নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আরএমপির শাহমখদুম, দামকুড়া, বেলপুকুর, পবা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে শাহমখদুম থানা পুলিশ পবা নতুনপাড়া (সাঁওতালপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তপন ভূঁইয়া ওরফে গণেশকে (৩৮) গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের কাঞ্চন ভূঁইয়ার ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ বোতল দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। তপনের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি এবং রাজশাহী মহানগর পুলিশ আইনে একটি মামলা রয়েছে।

এর আগে ৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে দামকুড়া থানা পুলিশ মুরারীপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে (৪২) গ্রেপ্তার করে। তিনি মুরারীপুর গ্রামের মৃত হানিফ শেখ ওরফে রুপবানের ছেলে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা দুই বোতল কফ রিলিফ সিরাপ, মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জাহাঙ্গীরের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা রয়েছে।

এদিকে, ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলপুকুর থানা পুলিশ চক জামিরা গ্রামের আসাদুলের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁর স্ত্রী সাজেদা (৪৮) এবং জামিরা গ্রামের ওয়াজ নবীর ছেলে খায়রুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৭ পিস ট্যাপেন্টাডল ও ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাজেদার বিরুদ্ধে বেলপুকুর থানায় একটি এবং খায়রুলের বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে পবা থানা পুলিশ সিডির মোড় এলাকায় অভিযান চালিয়ে সফাডাঙ্গা গ্রামের আব্দুল রশিদের ছেলে মুক্তার আলীকে (২০) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া বিকেল পৌনে ৫টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় আহসান হাবিবকে (৩৩) গ্রেপ্তার করে। তিনি পূর্ব রায়পাড়া গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।