অবশেষে তিনদিন বন্ধ থাকার পর পণ্য আমদানী-রফতানী স্বাভাবিক হয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বন্দর সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী সংগঠন ও কাস্টমস কর্মকর্তাদের বৈঠকের পরপরই সন্ধ্যা ৬টায় ভারত থেকে পণ্য বোঝায় কয়েকটি ট্রাক বন্দর পার করে প্রবেশ করে বাংলাদেশে।

এ বিষয়ে সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. রুহুল আমিন কাস্টমস সুপার মিজানুর রহমানের বিরুদ্ধে একক স্বেচ্ছাচারিতা, ব্যবসায়ীদের সাথে অশোভন আচরণ এবং পণ্য খালাসে অযৌক্তিক বাধা সৃষ্টির অভিযোগ তুলে বলেন, ফাইল জমা দেয়ার পর নানা প্রকার জটিলতা সৃষ্টি, বিশেষ করে নতুন নতুন নিয়মের কথা বলে হয়রানি করেন তিনি। এছাড়া বিনা কারণে কর্মচারীদের কার্ড আটকে রেখে নানা রকম সমস্যা তৈরী করছিল কাস্টমস কর্মকর্তারা। আর তাই এ সকল হয়রানি বন্ধ ও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে কর্মবিরতি পালন করে আসছিলেন সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মচারীরা।

তিনি আরো বলেন, কর্মচারীদের কর্ম বিরতির ফলে বন্দরের ভেতরে আগে থেকে প্রবেশ করা পণ্যবাহি ট্রাক খালাশ না হওয়ায় জায়গার সংকট তৈরি হয়েছিল। এর ফলে ভারত থেকে নতুন করে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে পারেনি। এদিকে লোড-আনলোড না হওয়ায় বন্দরের ভেতরের ইয়ার্ডে আটকা পড়ে প্রায় সাড়ে ৪ শত ট্রাক। আটকে পড়া ট্রাকগুলোর ৪ শতটিতে পাথর থাকলেও বাকি ট্রাকগুলোতে রয়েছে নারিকেল, ভুষি, শুঁটকিসহ অন্যান্য পণ্য। এতে পাথরের অর্ডার সঠিক সময়ে ব্যবসায়ীরা সাপ্লাই করতে পারেননি। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ে।

সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইতি বলেন, নোটিশ ছাড়াই নতুন নতুন নিয়ম চালুর প্রতিবাদে কাস্টমস কর্মকর্তাদের সাথে সামান্য সমস্যার তৈরী হয়েছিল। এতে বন্দর ব্যবসায়ীরা দারুন ক্ষতির সম্মুক্ষীণ হচ্ছিলেন। পরবর্তীতে বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তার অফিসে তাদের কমিশনারের প্রতিনিধি উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় সংকট নিরসন হয়েছে। এতে যে সমস্ত পণ্যবাহী ট্রাক দুই দেশের বন্দরে আটকা ছিল সবগুলো নিয়ম মেনে সন্ধ্যা থেকেই বন্দরে প্রবেশ শুরু করেছে এবং কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে।

এ বিষয়ে সোনামসজিদ কাস্টমস শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মাসুদ রানা বলেন, বন্দর ব্যবসায়ীদের সাথে কিছুটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল। তবে সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এর সমাধান হয়েছে এবং বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে।