কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ পুলিশ। গতকাল বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে অভিযান শুরু করে চলে   বৃহস্পতিবার সকাল পর্যন্ত। জেলার পৌর এলাকা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর মহল্লা এবং সদর উপজেলার ছোনগাছা, শিয়ালকোল ও সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শিয়ালকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম (৪৭), সয়দাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ (৪৮), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. জয়নাল আবেদীন (৪১), ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মো. রাশেদুল ইসলাম (৩৪), একই ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. শাহাদাত হোসেন (২২) এবং সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের গ্রন্থনা বিষয়ক সম্পাদক মো. নাদিম সেখ (২৩)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতভর পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।