বরেন্দ্র অঞ্চলে কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, কৃষিকে শক্তিশালী করতে হলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে কৃষিকাজে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো জরুরি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে কৃষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের শুরুতে মন্ত্রী গোদাগাড়ীর হাটপাড়া এলাকায় পদ্মা নদী থেকে পল্টুনের মাধ্যমে পাম্প দিয়ে পানি উত্তোলন ও সরবরাহ কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি সরমংলা খাল পরিদর্শন করেন এবং সেখানে কৃষক ও বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।

পরে উপজেলার কলিপুর-৩ এলাকায় সৌরবিদ্যুৎ ও বিদ্যুৎচালিত সেচ পাম্প পরিদর্শন করেন মন্ত্রী। সেখানে নেট মিটারিং পদ্ধতিতে সেচের কাজে ব্যবহারের পর উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।

মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী বলেন, বরেন্দ্র অঞ্চলের মানুষ কৃষিজীবী ও কৃষিবান্ধব। এখানকার মানুষ মনেপ্রাণে কৃষিকাজের সঙ্গে জড়িত। কৃষির প্রতি তাঁদের আন্তরিকতা ও নিষ্ঠা প্রশংসনীয়। বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কৃষিকে শক্তিশালী করতে হবে। এ জন্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। বর্তমান সরকার এ বিষয়ে কাজ করছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বরেন্দ্র অঞ্চলে কৃষিকাজে ভূগর্ভস্থ পানির ব্যবহার হয়ে আসছে। তবে শুধু বরেন্দ্র অঞ্চল নয়, বিশ্বব্যাপী ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে। তাই ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই।

পদ্মা নদী থেকে পানি এনে কৃষিকাজে ব্যবহারের উদ্যোগ আরও সম্প্রসারণে সরকার বড় একটি প্রকল্পের প্রস্তাব তৈরি করেছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রকল্পটির প্রস্তুতির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে এটি অনুমোদন পাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়বে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমার পাশাপাশি নদীর পানিতে থাকা পলি কৃষিজমির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক হবে।

সৌর সেচ ও নেট মিটারিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিএমডিএর প্রায় ১৭ হাজার ডিপ টিউবওয়েলে সৌরবিদ্যুৎচালিত পাম্প স্থাপনের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে কৃষিতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেচের কাজে ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। এ ধরনের উদ্যোগ কৃষি ও জ্বালানি খাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এর আগে বিএমডিএর নির্বাহী পরিচালক (গ্রেড-২) মো. জাহাঙ্গীর আলম খান সংস্থার চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, গোদাগাড়ী উপজেলায় বিএমডিএর ৭১৬টি গভীর নলকূপ রয়েছে। এ ছাড়া ১১৮ কিলোমিটার খাল ও খাড়ি পুনঃখনন, ৪৬২টি পুকুর পুনঃখনন এবং ৪১ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে। কৃষক প্রশিক্ষণ ও বিভিন্ন সেচ কার্যক্রমের মাধ্যমে উপকৃত হচ্ছেন ৭৬ হাজার ৩৪৫ জন কৃষক।

তিনি আরও জানান, সরমংলা খালের দৈর্ঘ্য প্রায় ২৯ কিলোমিটার। এ খালের মাধ্যমে প্রায় ৩৫ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পদ্মা নদী থেকে পানি উত্তোলনের জন্য স্থাপন করা হয়েছে দুটি পাম্প।

গোদাগাড়ীর কলিপুর-৩ সোলার সেচ প্রকল্পে ৪৫টি সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। ১৩ কিলোওয়াট ক্ষমতার সৌর পাম্পের মাধ্যমে ২৬৪ বিঘা জমিতে সেচ দেওয়া হচ্ছে। এতে উপকৃত হচ্ছেন ৭৪ জন কৃষক। নেট মিটারিং ব্যবস্থায় সেচের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হয়েছে।

এ সময় বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম, মো. আব্দুল লতিফ, মো. শিবির আহমেদ ও মো. তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান ও মো. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুল লতিফসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি ও বিএমডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় কৃষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।