নাটোরের লালপুরে পদ্মা নদীর উত্তর পাড়ের চর এলাকার একটি আখের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চর এলাকায় একটি আখের জমিতে ছেড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো সন্দেহজনক কিছু পড়ে রয়েছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশনা অনুযায়ী অভিযান চালায় দলটি।
অভিযানকালে স্থানীয় লোকজনের উপস্থিতিতে প্লাস্টিকের বস্তাটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে বিধি অনুযায়ী সেগুলো জব্দ করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে নাটোরের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।