রাজশাহী রেঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছেন ২৭ জন। এ সময় ৬৮টি মামলা হয়েছে। মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ দমনে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হওয়া ৬৮টি মামলার মধ্যে নারী ও শিশু নির্যাতনের মামলা চারটি, দাঙ্গার একটি, চুরির একটি এবং অন্যান্য খাতে ৬২টি মামলা রয়েছে। এ সময়ে হত্যা, খুনসহ ডাকাতি, ছিনতাই এবং যৌতুকের জন্য হত্যার কোনো ঘটনা ঘটেনি। এছাড়া আটজন নিখোঁজ হওয়ার তথ্য রয়েছে।
পুলিশের হিসাবে, গ্রেপ্তার হওয়া ১৭৫ জনের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৭০ জন, সাজাপ্রাপ্ত ২০ জন, বিচারাধীন মামলার আসামি ৮৩ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে একটি বার্মিজ চাকু এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ২ দশমিক ৮৫ গ্রাম হেরোইন, ৩০০ পিস ইয়াবা, ২১৬ পিস ট্যাপেন্টাডল, ২ দশমিক ৭৫ লিটার চোলাই মদ, ২৪০ গ্রাম গাঁজা, এক কেজি গাঁজার গাছ এবং সাত বোতল ক্যাপ সিরাপ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জ পুলিশের সেবাগ্রহীতার সংখ্যা ছিল ১ হাজার ৪ জন। চলতি মাসে এ পর্যন্ত সেবা নিয়েছেন ৩ হাজার ৭ জন।