সবুজ পাতার ক্যানভাসে, নাটোরের স্নিগ্ধ প্রকৃতি আর মুক্ত হাওয়ায় আজ বেজে উঠেছে পরিবেশ সুরক্ষার এক কাব্যিক সুর। ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাহিত্যিক শফিউদ্দিন সরদার মিলনায়তন সাক্ষী হলো এক মনোজ্ঞ সন্ধ্যার যেখানে কালির তুলিতে প্রাণ পেয়েছে সবুজ প্রকৃতি, নদী আর ছায়াঘেরা পরিবেশের কথা।
আজ বুধবার (৪ নভেম্বর) বিকেল চারটায় উন্মোচন করা হয় ২৪ জন লেখকের গল্প ও কবিতায় সমৃদ্ধ বিশেষ সংকলন "সবুজ পৃথিবীর গল্প"।
পরিবেশ ও প্রকৃতির মেলবন্ধনে তৈরি বই সম্পাদনা করেছেন আব্দুল মতিন।
মোড়ক উন্মোচন করেন নাটোরের জেলা প্রশাসক ও ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সভাপতি মোছাঃ সুমনী আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, লাইব্রেরির আজীবন সদস্য ও বিশিষ্ট
ব্যবসায়ী মফিউর রহমান দুদু, আনিসুর রহমান এবং তোজাম্মেল হোসেন জিলানী, গণমাধ্যমকর্মী জুলফিকার হায়দার জোসেফ, মেহেদী হাসান বাবু, খন্দকার মাহাবুবুর রহমান এবং অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদীসহ স্থানীয় সুধীজনরা।