সুস্থ, সচেতন ও পুষ্টিসমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে শিক্ষক ও কৃষকদের নিয়ে তিন দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কৃষকসহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে সুষম খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন সেশন পরিচালনা করেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। এ ছাড়া বারটানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ মজিদ মণ্ডল ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান প্রশিক্ষণ পরিচালনা করেন।
প্রশিক্ষণ কার্যক্রম মনিটরিং ও সার্বিক দিকনির্দেশনা দেন বারটানের নির্বাহী পরিচালক।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক ও কৃষকদের মধ্যে পুষ্টি, নিরাপদ খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সচেতনতা বাড়বে। পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান পরিবার ও সমাজে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।