ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নওগাঁর পোরশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি তা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য একাধিক উপকমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভাটি সম্পন্ন হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি সফল ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের সমন্বয়ে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।