রাজশাহী মহানগরীর ছয়টি এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ সাতজন মাদক ব্যবসায়ী এবং একজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত চন্দ্রিমা, পবা, বেলপুকুর, বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ি, কর্ণহার ও মতিহার থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ বালানগর এলাকায় অভিযান চালিয়ে আনিসুর রহমান (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি মৃত হযরত আলীর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্ত্রী শিরিনা বেগম (৪৪) পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আনিসুর ও তাঁর পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে যোগসাজশে মাদক ব্যবসা করে আসছিলেন।
একই দিন রাত পৌনে ৯টার দিকে পবা থানা পুলিশ নওহাটা পৌরসভার দুয়ারী গ্রামে অভিযান চালিয়ে সুমন আলী (৩৫) ও আল-আমিন (২৭) নামে দুজনকে গ্রেপ্তার করে। সুমন কর্ণহার থানার ধর্মহাটা গ্রামের ইয়ানুস আলীর ছেলে এবং আল-আমিন দুয়ারী গ্রামের রেজাউলের ছেলে। তাঁদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে বেলপুকুর থানা পুলিশ দক্ষিণ জামিরা এলাকায় অভিযান চালিয়ে নয়ন আলী (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, নয়নের বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।
অন্যদিকে, রাত পৌনে ১০টার দিকে বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ি শালবাগান এলাকায় অভিযান চালিয়ে মনির (২২) ও লিটন (২০) নামে দুজনকে গ্রেপ্তার করে। মনির কাদিরগঞ্জ দড়িখড়বনা গ্রামের ওহিদুল ইসলামের ছেলে এবং লিটন উপশহর নিউ মার্কেট এলাকার নবীর ছেলে। এ সময় মনিরের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, লিটন দীর্ঘদিন ধরে মনিরের সহযোগী হিসেবে মাদক ব্যবসা করে আসছিলেন।
এ ছাড়া সন্ধ্যা সোয়া ৭টার দিকে কর্ণহার থানা পুলিশ স্বরমংলা গ্রামে অভিযান চালিয়ে ফয়সাল রহমান (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের আহাদ আলীর ছেলে। তাঁর কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, সকাল পৌনে ১১টার দিকে মতিহার থানা পুলিশ খোঁজাপুর পশ্চিমপাড়া এলাকার কানামারী পুকুরের পাশে অভিযান চালিয়ে রুমন (২৮) নামে একজনকে গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। তিনি ধরমপুর গ্রামের সেরাজুলের ছেলে; বর্তমানে খোঁজাপুর পশ্চিমপাড়ায় বসবাস করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, রুমনের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি এবং পেনাল কোডে দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক শিরিনা বেগমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।