স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ উদ্যোগে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী আত্মসমর্পণ করেছেন। তাঁদের দেওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে এসআরবি-১২।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জের হাটিকুমরুলে এসআরবি-১২-এর অধিনায়কের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, এসআরবি-১২ এর অধিনায়ক আতিকুর রহমান ভূইয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর ২০২৬ তারিখে এসআরবি-১২-এর উদ্যোগে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের কাছ থেকে পাওয়া তথ্য এবং ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসব অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের স্থানগুলোর মধ্যে রয়েছে সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এলাকা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকা।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।