দিগন্তজুড়ে সোনালী ধানের শীষে ঢেউ খেলছে মাঠের পর মাঠ। বাতাসে ছড়াচ্ছে পাকা ধানের মৌ-মৌ গন্ধ। ইতোমধ্যে বগুড়ার বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে আগাম জাতের রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের উৎসবমুখর কর্মযজ্ঞ। অনুকূল আবহাওয়া এবং রোগবালাইয়ের প্রকোপ কম থাকায় এবার আগাম আমনের বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষকের ঘরে ঘরে বইছে আনন্দের হাওয়া; সোনালী ফসল ঘরে তোলার স্বপ্নে ব্যস্ততায় কাটছে দিন।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ৮৩ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৮৩৮ মেট্রিক টন। আগাম জাতের ধান কাটা শেষ হলে পর্যায়ক্রমে ব্রি ধান-৩৪, ব্রি ধান-৫১, ব্রি ধান-১০৩ ও স্বর্ণা-৫ জাতের ধান কাটার কাজ শুরু হবে।
নন্দীগ্রাম, শাজাহানপুর, সদর, শিবগঞ্জ, কাহালু, দুপচাঁচিয়া, আদমদীঘি, শেরপুর, ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা—জেলার প্রতিটি জনপদেই এখন ধান কাটার ধুম পড়ে গেছে। কৃষক, কৃষিশ্রমিক ও পরিবারের সদস্যরা কেউ ব্যস্ত ধান কাটতে, কেউ আঁটি বাঁধতে, আবার কেউ ব্যস্ত মাড়াই ও শুকানোর কাজে। এবারের আগাম জাতের ধানের তালিকায় রয়েছে বিনা-৭, বিনা-১৭, মিনিকেট, ব্রি ধান-৪৯, ব্রি ধান-৯০, ব্রি ধান-৭৫, রঞ্জিত ও কাটারিভোগ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নন্দীগ্রাম উপজেলায় আগাম জাতের রোপা আমন ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। মাঠজুড়ে এখন পাকা ধানের সোনালি শীষ। কোথাও কৃষক ধান কাটছেন, কোথাও চলছে মাড়াই, আবার কোথাও কাটা ধান বাড়িতে নেওয়ার প্রস্তুতি। অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের তুলনামূলক কম প্রকোপে আগাম জাতের আমন ধানের ভালো ফলন হওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আশার আলো।
নন্দীগ্রাম উপজেলার বাদলাষন গ্রামের কৃষক জামিল হোসেন বেশ হাসিমুখে তাঁর সাফল্যের কথা জানালেন। তিনি বলেন, “আমি আগাম পাঁচ বিঘা জমিতে ব্রি ধান-৪৯ চাষ করেছি। ফলন বেশ ভালো হয়েছে।” আগাম আমন ধান চাষের সবচেয়ে বড় সুবিধা হলো—নির্দিষ্ট সময়ের অনেক আগেই জমি ফাঁকা হয়ে যায়। ফলে কৃষকরা একই জমিতে অতিরিক্ত সময় নষ্ট না করে আলু, সরিষা, পেঁয়াজসহ নানা রবি ফসল চাষের সুযোগ পান।
কৃষক জামিল হোসেন যেমন ধান কাটার পরপরই জমি প্রস্তুত করে সরিষা লাগানোর পরিকল্পনা করেছেন, তেমনি জেলার শত শত কৃষক এখন বহুমুখী ফসল উৎপাদনের স্বপ্ন দেখছেন।
আরেক কৃষক জয়নাল আবেদীন জানান, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ধানের ন্যায্যমূল্য পাওয়া গেলে লাভের পরিমাণ আরও বাড়বে। একই সঙ্গে আলু, সরিষা ও পেঁয়াজের ভালো ফলন এবং বাজারে উপযুক্ত দাম পাওয়া গেলে চলতি মৌসুমে তারা লাভবান হতে পারবেন তারা। তাঁদের মতে, আমন ধান বিক্রির নগদ অর্থের পাশাপাশি শীতকালীন রবি ফসল ঘরে তুলতে পারলে সামগ্রিকভাবে তাদের আর্থিক সচ্ছলতা বহুগুণ বেড়ে যাবে। তবে এর পাশাপাশি উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তাঁরা।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান ফরিদ জানান, কৃষকদের সঠিক সময়ে জমি প্রস্তুত করা, উন্নত জাতের বীজ ও সুষম সার ব্যবহার এবং সময়মতো পরিচর্যার বিষয়ে কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে এর ইতিবাচক প্রভাব পড়েছে এবং কৃষকরা আশানুরূপ ফলন পাচ্ছেন।
ক্ষেতের সোনালী ফসল আর কৃষকের মুখের এই অমলিন হাসি যেন গ্রামীণ অর্থনীতিতে এনে দিয়েছে এক নতুন প্রাণের স্পন্দন। উপযুক্ত দাম ও অনুকূল আবহাওয়া বজায় থাকলে চলতি মৌসুমে বগুড়ার কৃষকদের জীবনমান আরও সমৃদ্ধ হবে—এমনটাই সকলের প্রত্যাশা।