উত্তর জেলা পঞ্চগড়ে হেমন্তের মাঝামাঝি সময়ে হঠাৎ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমন চাষীরা। বৃষ্টিতে অনেক এলাকায় ডুবে গেছে আমন ধান। কোথাও আবার শিলা বৃষ্টিতে ঝরে গেছে ধান। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ প্রায় ১২ হেক্টর।  

গত বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ পঞ্চগড়ে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর, দৌলতপুর, সদর উপজেলা চাকলাহাট ইউনিয়নের ভাটিয়াপাড়া, তেতুলিয়া উপজেলার তিরনিহাট রণচন্ডী এলাকায় বৃষ্টির সাথে শিলা পড়তে থাকে। এ সময় দুই দফায় ১০ থেকে ১৫ মিনিট বৃষ্টি হয়। এ সময় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১২ হেক্টর জমির আমন ধান।

এর মধ্যে বোদা উপজেলায় ১০ হেক্টর। কোথাও কোথাও কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ডুবে গেছে। কোথাও আবার যেসব ধান কাটা হয়নি তা  শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান ক্ষেতে পড়ে থাকতে দেখা গেছে ঝরে পড়া ধান। এতে চিন্তার ভাজ পড়েছে কৃষকের কপালে। ঋণ নিয়ে ধান চাষ করে এখন বিপাকে চাষীরা। আমন মৌসুমের ধান সংরক্ষণ করে সারা বছরের খাবার ও নিজেদের প্রয়োজনীয় কাজ পূরণ করতেন তারা। এক রাতের শিলাবৃষ্টি তাদের সে স্বপ্ন কেড়ে নিয়েছে। 

বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ঝাঁকুয়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক খয়রুল আলম বলেন, বুধবার  সন্ধ্যার দিকে আমাদের এলাকায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে । এতে আমার  পাকা আমন ক্ষেত  ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। আমি যখন সকালে ধান খেতে যাই খেতে ধান মাটিতে ঝরে পড়েছে  দেখে আমি ভেঙে পড়ি। এত কষ্ট করে ঋণ নিয়ে ধান চাষাবাদ করেছি এখন তো খরচটা উঠানোর দায় হয়ে যাবে। আমি কিভাবে সংসার চালবো। কিভাবে ঋণ শোধ করব। 

ময়দানদিঘীর হরিপুর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক অভিনাশ চন্দ্র রায় বলেন, আমি দুই বিঘা জমি বর্গা নিয়ে চাষ করেছি। এতে আমার ২০ হাজার টাকার বেশি খরচ হয়েছে। এই ধান বিক্রি করে জমির মালিকের টাকা দেয়া নিজের সংসার চালানো আবার নিজের খাবার জমানো হয়। কিন্তু গতরাতে বৃষ্টিতে আমার যে ক্ষতি হয়েছে এ ক্ষতি আমি কিভাবে পুষিয়ে নিব। 

আবহাওয়া অফিস বলছে গত ২৪ ঘন্টার জেলায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে মৌসুমী বায়ুর উপর ভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে দিনভর রৌদ্রজ্জল আবহাওয়া থাকবে।

এদিকে, বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদুর নবী বলেন,  ক্ষয়ক্ষতি নিরূপণ করতে আমাদের সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। হঠাৎ শিলাবৃষ্টিতে এমন ক্ষতি হবে আসলে এটি কেউ আমরা বুঝতে পারিনি। এই মৌসুমে সাধারণত এমন আবহাওয়া দেখা যায় না।  কৃষি বিভাগ সব সময় কৃষকদের পাশে রয়েছে।