নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত উপজেলা পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে সংকটাপন্ন অবস্থায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর উপজেলার কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। পথে নূর একাডেমির সামনে পৌঁছালে হেলমেট পরা দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলির হাত থেকে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করলে মোটরসাইকেল নিয়ে তাঁকে ধাওয়া করেন হামলাকারীরা।
একপর্যায়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে শাকিলকে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন তিনি।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।