মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় রমজান আলী (৫৫) নামে এক বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় বাসটির সুপারভাইজারকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) লতিফ আকন্দ।
দণ্ডপ্রাপ্ত রমজান আলী টাঙ্গাইল জেলার হিংগা নগর গ্রামের বসির উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২ আগস্ট দিনাজপুর থেকে ফেনসিডিল নিয়ে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ১০৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও এক লিটার তরল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসচালক রমজান আলী এবং সুপারভাইজার রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে আটক করে যমুনা সেতু পশ্চিম থানা-পুলিশ।
পরে এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত বাসচালক রমজান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে মামলার অপর আসামি বাস সুপারভাইজার রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়।