সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। সোমবার (২৬ অক্টোবর) জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ হল রুমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তবর্তী এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক ও জীবনমানের উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) তার দায়িত্বপূর্ণ এলাকায় এই কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুবসমাজকে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা সম্পন্ন মানবসম্পদ হিসাবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। ফলে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হতে সক্ষম হবে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হতে দূরে থেকে একটি সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে পারবে। ভবিষ্যতেও, সীমান্তবর্তী এলাকার জনসাধারণের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কার্যক্রমে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে , ৫৩ বিজিবি'র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মনাকষা বিওপি কমান্ডার ও অন্যান্য পদবীর বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।