বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে যমুনা নদীতে গোসল করতে নেমে আর ফিরে আসা হলো না শাহরিয়ার নুর হোসেন জিসানের। নদীতে তলিয়ে যাওয়ার পর নিখোঁজ এই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার (২৬ অক্টোবর) সকালে। রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা দীর্ঘ তল্লাশির পর নদীর গভীর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের শিক্ষার্থী। পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার চার বন্ধু ঢাকা থেকে ঘুরতে সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় আসেন। দুপুরে স্থানীয় একটি হোটেলে খাওয়াদাওয়া শেষে তারা যমুনা নদীতে গোসল করতে নামেন। বেলা আড়াইটার দিকে নদীতে খেলাধুলার সময় বিপদে পড়েন জিসান। নদীর তলদেশে নরম বালুতে পা দিতেই তিনি পানিতে তলিয়ে যেতে থাকেন।

বন্ধুকে ডুবে যেতে দেখে মাহিন হাসান তাকে বাঁচানোর চেষ্টা করেন। প্রায় দুই মিনিট ধরে জিসানকে ধরে রাখলেও শেষ পর্যন্ত তাকে রক্ষা করা সম্ভব হয়নি। মাহিনের হাত ফসকে জিসান গভীর পানিতে হারিয়ে যান। এরপর থেকেই তার খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও এনায়েতপুর থানা পুলিশের সদস্যরা নদীতে তল্লাশি চালান। রোববার রাত পর্যন্ত অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নদীর তীর থেকে প্রায় ১০০ মিটার দূরে গভীর পানিতে তার মরদেহ শনাক্ত করেন।

বন্ধু মাহিন হাসান জানান, তারা চারজন একসঙ্গে ঘুরতে এসেছিলেন। নদীতে নামার পর কাদাছোড়াছুড়ি করে খেলছিলেন তারা। কারও ভালো সাঁতার জানা ছিল না। এমন সময় নরম বালুতে পা পড়ায় জিসান ডুবে যেতে শুরু করেন। তাকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি তিনি।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে রোববার থেকেই অভিযান চলছিল। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

চৌহালী নৌ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।