চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে সদর উপজেলার পৌর এলাকার শান্তির মোড়ের এজেআর ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই ইমরান হোছাইনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, পলাতক এক মাদক ব্যবসায়ী হেরোইনগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার মিরপুরে পাঠানোর জন্য বুকিং দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।