নওগাঁর মহাদেবপুরে লাইসেন্সবিহীন তিনটি চিকিৎসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি প্রতিষ্ঠানের মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় এসআরবি-৫-এর জয়পুরহাট ক্যাম্পের সিপিসি-৩-এর গোয়েন্দা দলের তথ্যের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানে ফাতেমা হোমিও হলের মালিক ও কথিত চিকিৎসক মো. ফারুক হোসেনকে (৩২) মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮(১) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রোগী দেখা ও ওষুধ বিক্রির লাইসেন্স না থাকায় এ দণ্ড দেওয়া হয়।
একই এলাকায় লেচু বাগানের ফাইভ স্টার মেডিকেল সেন্টারের মালিক মো. বেদারুল ইসলামকে (৫৫) লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া স্পেশালাইজড সেন্টার ফর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের মালিক মো. মাসুম আলীকে (২৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসআরবি-৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন প্রতিষ্ঠানের জরিমানার মোট ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।