সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপ ও স্ক্যানার ব্যবহার করে প্রতারণার অভিযোগে নাটোরের লালপুরে দুই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লালপুর উপজেলার ৮ নম্বর দুরদুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গন্ডবিল গ্রামের মো. শিমুল আলী (২৬) ও মো. সজীব আলী (১৯)। তাঁরা দুজনই আরাম আলী ও মোছা. ফাতেমার ছেলে।

এসআরবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ, ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে প্রতারণা করে আসছে। এ তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গন্ডবিল গ্রামের শিমুল আলীর বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি। পরে তাঁদের ঘরে তল্লাশি চালিয়ে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।