রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় ইয়াবা সেবনের সময় গ্রেপ্তার হওয়া এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. মেহেদী হাসান (২২)। তিনি রাজশাহীর দাশপুকুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মেহেদী হাসানকে আদালতে সোপর্দ করা হয়। সেখানে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। শুনানি শেষে আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।
আরএমপি জানিয়েছে, রাজশাহী মহানগরীতে মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলবে।