রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলার আসামি ও অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছেন ১৮ জন। এ সময়ে ৫০টি মামলা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত রাজশাহী রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অপরাধসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত ৫৩ জন, সাজাপ্রাপ্ত ১৭ জন, তদন্তাধীন মামলার আসামি ৭২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে চারজন রয়েছেন। এ ছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দায়ের হওয়া ৫০টি মামলার মধ্যে দস্যুতার একটি, চুরির দুটি এবং অন্যান্য ধারায় ৪৭টি মামলা রয়েছে। এ সময়ে খুন, খুনসহ ডাকাতি বা ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার নিরাপত্তা আইন, নারী ও শিশু নির্যাতন এবং দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের অভিযানে ১২ দশমিক ৫ গ্রাম হেরোইন, ১ হাজার ১৫২ পিস ইয়াবা, ৬৫ পিস ট্যাপেন্টাডল, ১০০ গ্রাম গাঁজা এবং ২০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জামও উদ্ধার করা হয়। চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ও উদ্ধারের পরিমাণসহ পরিচালিত অভিযানের সংখ্যা ১৪৫টি। চলতি মাসে এ সংখ্যা ৫ হাজার ২১২টি।