জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১০৯ জন খামারিকে বিভিন্ন ধরনের সেবা ও উপকরণ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বিপ্রবেলঘরীয়া ইউনিয়নের চকপাড়া গ্রামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে ৮০টি গরু ও ৪০টি ছাগলকে গলাফুলা রোগের বিনামূল্যে প্রতিষেধক টিকা দেওয়া হয়। পাশাপাশি ১১৩টি গরু, ৩টি মহিষ, ৯৮টি ছাগল এবং ৪৭৩টি হাঁস-মুরগি ও কবুতরের জন্য বিনামূল্যে কৃমিনাশক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রকিবুল হাসান সুজন। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আবু জাফর প্রাং, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খামারি এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রকিবুল হাসান সুজন বলেন, “গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ এবং খামারিদের সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময়মতো টিকা প্রদান ও নিয়মিত কৃমিনাশক ব্যবহারের মাধ্যমে পশু-পাখিকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আর্থিকভাবে লাভবান করতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে।”
কর্মসূচির মাধ্যমে স্থানীয় খামারিদের মধ্যে প্রাণিস্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা।