ফ্যাসিবাদ ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়নসহ সার্বিক পরিস্থিতিতে রাজনৈতিক সংলাপের বিষয়টি সংসদে উত্থাপন করেছিলেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সেই সংলাপ শিগগিরি হতে যাচ্ছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলীয়ভাবে না, ১১ দলীয় জোটের শরিকদের নিয়েই সংলাপে বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সংলাপের বিষয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে যোগাযোগের পর জামায়াত জানিয়েছে- সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় নয়, নিরপেক্ষ ভেন্যুতে সংলাপের আয়োজন হতে হবে।

অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ডাকে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিনদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম দিন বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সঙ্গেও ১১ দলীয় ঐক্যের ব্যানারেই জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে মগবাজারস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিদ্যমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং দেশে চলমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেয় দলটি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের শরিকদের নিয়ে সংলাপে বসতে চায় জামায়াতে ইসলামী। এ জন্য সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো স্থানে সংলাপ আয়োজনের শর্ত দিয়েছে দলটি।
বৈঠকে দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বা সংলাপ প্রসঙ্গে জানতে চাইলে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ ঢাকা পোস্টকে বলেন, বৈঠক এক জিনিস, সংলাপ আরেক জিনিস। সংলাপ হলে সেটার ভেন্যু হতে হয় নিরপেক্ষ। সেখানে দাবির বিষয়ও থাকে, ঐকমত্যে আসার বিষয়ও আছে। জুলাই সনদ বাস্তবায়ন আমাদের প্রধান শর্ত। জুলাই সনদ বাস্তবায়ন হলে অধিকাংশ সমস্যার সমাধান।  

হামিদুর রহমান আযাদ বলেন, “যোগাযোগ, আলাপ-আলোচনা চলছে। আমরা দলীয়ভাবে না, জোটগতভাবেই সংলাপে বসতে চাই। আশা করছি শিগগিরই সংলাপে হবে। নির্বাচন কমিশনের ডাকেও সাড়া দিয়েছি। সেখানেও আমরা ১১ দলের ব্যানারেই সংলাপে বসবো।”

এই দুই সংলাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ শুক্রবার(২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা ডাকা হয়েছে বলে জোটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় নয়, নিরপেক্ষ ভেন্যুতে সংলাপের আয়োজনের শর্ত দিয়েছে জামায়াতে ইসলামী।

এব্যাপারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সরকার ও বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তাদের ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়ে জানিয়েছি। এ বিষয়ে আমরা অনড়। এ ছাড়া সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ আয়োজন করতে বলে জানিয়েছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের উদ্যোগকে স্বাগত জানালেও শুরু থেকেই সম্মিলিত আলোচনার বিষয়টিকে সামনে আনে জামায়াতে ইসলামী।