সাধারণ ও নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে রাজশাহীর দুর্গাপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার উজালখলসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ এবং মুসলমানি করানোর ব্যবস্থাও রাখা হয়। স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইয়াছিন আলী প্রামাণিকের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে মেডিসিন, শিশু, চর্ম ও যৌন, গাইনি এবং অর্থোপেডিকসসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা প্রদান করেন অর্থোপেডিকস বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. শওকত শরীফ, বন্ধ্যাত্ব, প্রজনন হরমোন ও গাইনি বিশেষজ্ঞ সার্জন ডা. মো. ইমরান হোসেন, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ ডা. রাকিব শেখ, ডা. মো. তাহিদুল ইসলাম (রনি), বন্ধ্যাত্ব, প্রজনন ও গাইনি বিশেষজ্ঞ সার্জন ডা. প্রিয়াঙ্কা ভৌমিক এবং জেনারেল ফিজিশিয়ান ডা. বিজয় কুমার।

এ সময় উপস্থিত ছিলেন ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল গাফ্ফার, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শূরা সদস্য অধ্যাপক মো. জাবের আলী, কিসমত গণকৈড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জসিম উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আকরাম আলী, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি অধ্যাপক মো. আইয়ুব আলী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. জুবায়ের আল মাহমুদ, রাজশাহী জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিলমাড়িয়া ইউনিয়ন সভাপতি মো. বাবলু রহমান এবং ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ হিল কাফিসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা মো. ইয়াছিন আলী প্রামাণিক বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করে আসছি। জনগণের ভোটে তিনবার নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। পাশাপাশি প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালনের সুযোগ হয়েছে। দায়িত্ব পালনকালে এলাকার মানুষের সমস্যা সমাধান ও উন্নয়নে সাধ্যমতো কাজ করেছি। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে আরও বেশি কাজ করতে চাই। জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিলে স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, অসহায় মানুষের সহায়তা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই।’

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমার বিশেষ পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোতে সপ্তাহে অন্তত একদিন এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা চালু করা। বিশেষ করে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষ যেন অর্থের অভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নিতে চাই। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমার অন্যতম প্রত্যাশা।’

তিনি জানান, শুধু স্বাস্থ্যসেবা নয়, ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করাকেও তিনি অগ্রাধিকার দিতে চান। তার নির্বাচনী পরিকল্পনার মধ্যে রয়েছে হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন, নাগরিকসেবা দ্রুত ও সহজলভ্য করা এবং জন্মনিবন্ধনসহ বিভিন্ন সনদ প্রদানে হয়রানি বন্ধ করা।

এ ছাড়া বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী নির্বাচন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গঠন, প্রতিটি ওয়ার্ডে উন্নত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা, ইউনিয়নের স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা ও যুব উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় সরকার ব্যবস্থায় জবাবদিহি ও জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তা তুলে ধরে ইয়াছিন আলী প্রামাণিক বলেন, জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের সমস্যা শোনা এবং সাধ্যমতো তার সমাধানে এগিয়ে আসা। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান বলেও তিনি জানান।

উল্লেখ্য, মো. ইয়াছিন আলী প্রামাণিক ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (আড়ইল) তিনবার নির্বাচিত ইউপি সদস্য এবং সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি গ্রাম আদালতের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।