দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই হামলাকে ‘সন্দেহজনক’ উল্লেখ করে একে যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। এর আগে বৃহস্পতিবার কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হন।

এ ঘটনায় একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক আহত হয়েছেন। নিহত দুই ইতালীয় কুয়েতে বেসামরিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
আরাঘচি জানান, ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে তিনি নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কুয়েত ও ইতালির সঙ্গে সহযোগিতা করতেও ইরান প্রস্তুত বলে জানান তিনি।

হামলার পর কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, ইরান থেকে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোনটি পাঠানো হয়। প্রথমে হামলায় চারজন আহত হওয়ার কথা জানানো হলেও পরে মন্ত্রণালয় নিশ্চিত করে, এতে দুই ইতালীয় নাগরিক নিহত এবং একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক আহত হয়েছেন।

তবে কুয়েতের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ওই দিন এ অঞ্চলে ইরানের সশস্ত্র বাহিনী কোনো সামরিক অভিযান বা হামলা চালায়নি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে কুয়েতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান। ওই সময় একটি ড্রোন হামলায় কুয়েতে ছয় মার্কিন সেনা নিহত হন। এ ছাড়া ভুলবশত যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল কুয়েতের সেনারা।

উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে আয়তনে ছোট হলেও কুয়েতে মার্কিন সেনাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ইরান মূলত দেশটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল।

এদিকে, গত সপ্তাহে বাহরাইনেও একাধিকবার ড্রোন হামলা চালায় ইরান। সর্বশেষ হামলায় দেশটির একটি তেল ডিপোতে ভয়াবহ আগুন লাগে। এমন পরিস্থিতিতে কুয়েতে সর্বশেষ ড্রোন হামলায় নিজেদের সম্পৃক্ততা পুরোপুরি অস্বীকার করল তেহরান।

তথ্যসূত্র: আল জাজিরা।