অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহে দেরি হওয়ায় ইউক্রেনীয়দের প্রাণহানি ঘটছে এবং শান্তি আলোচনায়ও রাশিয়ার ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা হচ্ছে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি হতাশা প্রকাশ করে, এসব অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে অবস্থিত তার কার্যালয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে, ভ্লাদিমির পুতিনকে ‘আমার বন্ধু’ বলে আলিঙ্গন করা একটি ছবি, ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করার বিষয়টিকে ‘অদ্ভুত’ বলেও মন্তব্য করেন তিনি।
“অবশ্যই বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভর করে, কিন্তু ব্যাপারটা অদ্ভুত,” বলেন জেলেনস্কি। “সে একজন আগ্রাসী এবং হত্যাকারীৃ সে বন্ধু হতে পারে না। কিছুতেই না”
জেলেনস্কি আরও উল্লেখ করেন, এটি অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতো। ২০২৫ সালে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে এক তিক্ত অভিজ্ঞতার পর থেকেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চালিয়ে নেওয়ার ক্ষেত্রে সতর্ক হয়েছেন জেলেনস্কি।
অনেকদিন ধরেই ট্রাম্পের দুইজন দূত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি শান্তিচুক্তি করার চেষ্টা করে আসছেন, যাতে বিপুল প্রাণহানি বন্ধ হয়। কিন্তু অনেক সময় মনে হয় যে, তারা কিয়েভের অবস্থানের চেয়ে মস্কোর অবস্থানের সঙ্গেই বেশি একমত।
ইউক্রেনের সঙ্গে একটি শান্তি চুক্তি হওয়ার “জোরালো সম্ভাবনা” রয়েছে বলেও মনে করেন তিনি।
যদিও তার প্রকাশ্য বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, সব ইস্যুতেই রাশিয়া আবারও তার শুরুর দিকের অনমনীয় দর কষাকষির অবস্থানে ফিরে গেছে।
আর জেলেনস্কি জানিয়েছেন যে, ইউরোপীয় আলোচকদের শান্তি আলোচনায় থাকা না থাকার বিষয়ে মার্কিন প্রতিনিধিরা যে বার্তা দিয়েছিলেন, সেটি পরিষ্কার ছিল না। ক্রেমলিন এক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে বলেও মনে করেন তিনি।
ইউক্রেনের জন্য এই আলোচনা এগিয়ে নেওয়া এবং পাঁচ বছর ধরে চলা রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের অবসান ঘটানো খুবই জরুরি।
ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা আরও ধারাবাহিক এবং প্রাণঘাতী হয়ে উঠছে। নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এ কারণে জেলেনস্কি একটি সিদ্ধান্তে পৌছানোর জন্য “প্রকৃত সহযোগী বন্ধু, যারা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারে” তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আর “শক্তি ও সম্মান” সম্পন্ন শক্তিশালী দেশ হিসেবে নিজের সুনাম ধরে রাখার অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রকে।
“যখন আপনি আগ্রাসনকারীর প্রতি খুব বেশি নিরপেক্ষ থাকার চেষ্টা করেন... তার মানে আপনি ভুক্তভোগীদেরও সমর্থন করছেন, আগ্রাসনকারীকেও সমর্থন করছেন। এটা ঠিক নয়,” বলেন জেলেনস্কি।
দুই পক্ষের মধ্যে একটি টেকসই শান্তি চুক্তি করার যে চেষ্টা যুক্তরাষ্ট্র করছে, সেখানে তারা নিজেদেরকে নিরপেক্ষ বলে দাবি করে।
ইতোমধ্যে নিজেদের আকাশসীমা রক্ষা করতে হিমশিম খাচ্ছে কিয়েভ। দিনরাত আকাশপথে হামলার সতর্কতা ইউক্রেনের সাধারণ মানুষের জন্য এখন দৈনন্দিন জীবনের এক ক্লান্তিকর অংশ হয়ে দাঁড়িয়েছে।
যার জবাবে ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত ড্রোন হামলা চালিয়েছে।
জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী এখন রাশিয়ার দ্রুততম ড্রোনগুলোর প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে পারছে এবং এই হার সময়ের সঙ্গে আরও ভালো হচ্ছে। কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইন্টারসেপ্টরের ‘অনেক, অনেক বড়’ ঘাটতি রয়েছে।
আমেরিকানরা তাদের প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহে দেরি করছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি।
“এটা দুঃখজনক যে তারা মধ্যপ্রাচ্যের দিকে মনোযোগ দিয়েছে এবং তাদের আরও বেশি সাহায্য করছে... এটা দুঃখজনক। এ নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে,” জেলেনস্কি বলেন। এই ক্ষেপণাস্ত্রগুলোর ঘাটতি মানেই মানুষের জীবনহানী।
তিনি এটিও নিশ্চিত করেন যে, ইউক্রেনের অধিকৃত এলাকাগুলোতে মার্কিন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা স্টারলিংক এবং এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের ব্যবহার এখনও সীমিত রাখা হচ্ছে।