শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার হুঁশিয়ারি বাংলাদেশের। পাকিস্তান সফরে গিয়ে এমনই দাবি করেছেন বাংলাদেশের সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ।
পাকিস্তান সফরে গিয়ে ভারতের বিরুদ্ধে মুখ খুললেন বাংলাদেশের সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে ভারতের থাকার ভূমিকা অস্বীকার করলেন তিনি। তাঁর দাবি, ১৯৭১ সালের যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেনি দিল্লি। দিল্লি কাজ করেছে পাকিস্তানকে দুর্বল করার জন্য, দাবি বাংলাদেশি স্পিকারের।শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে জল্পনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে।
দিকে দিকে চলছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধরপাকড়। এরই মধ্যে এর মধ্যেই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করার তৎপরতা দেখা যাচ্ছে ঢাকার। ইসলামাবাদে গিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক সেরেছেন বাংলাদেশের স্পিকার। এই সফরের সময়ে ইসলামাবাদের পার্লামেন্টও ঘুরে দেখেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাত্তরের যুদ্ধ সংক্রান্ত বিষয়েও মন্তব্য করেন। বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, ওই সময়েই ভারতের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। হাফিজউদ্দিন বলেন, “১৯৭১ সালে ভারত বাঙালিদের (বাংলাদেশকে) সাহায্য করেনি। বরং, পাকিস্তানকে দুর্বল করে দিয়েছিল।
বর্তমান কূটনৈতিক সমীকরণের নিরিখে বাংলাদেশি স্পিকারের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। হাসিনা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরতে চান। তবে তাঁকে পাসপোর্ট দিতে রাজি নয় বাংলাদেশ। তারা চায়, প্রত্যর্পণ করা হোক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। অন্য দিকে, ভারতও জানিয়ে দিয়েছে, কেউ স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাওয়া এবং কাউকে প্রত্যর্পণ করা সম্পূর্ণ আলাদা দু’টি বিষয়।উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে আওয়ামী লীগের সরকারের পতনের পর হাসিনা চলে আসেন ভারতে। সেই থেকে এ দেশেই সাময়িক আশ্রয় নিয়েছেন তিনি। হাসিনাকে ঘিরে গত দু’বছরে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময়ে টানাপড়েন দেখা গিয়েছে। বৃহস্পতিবারও বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দাবি করেছেন, দিল্লি-ঢাকা সম্পর্কের ক্ষেত্রে হাসিনা একটি ‘সমস্যা’। ভারতও তা বুঝতে পারছে বলে দাবি করেন তিনি।
গত বুধবার বিকেলে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল বলেছিলেন, ‘‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনাটি ঢাকার প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে সম্পর্কহীন।’’ সেই সঙ্গে তিনি জানান, হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধের পর এ সংক্রান্ত আইনগত দিকগুলি বিবেচনা করা হচ্ছে।
বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সফরে গিয়ে হাসিনা প্রসঙ্গেও মুখ খোলেন বাংলাদেশের স্পিকার। ইসলামাবাদ থেকে তাঁর দাবি, ভারত হাসিনাকে প্রত্যর্পণ না-করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ। “শুধু নিজের কর্মীদের উজ্জীবিত করতেই শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা করেছেন। আগামী ১০ বছরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন না,” বলেন বাংলাদেশের স্পিকার।উল্লেখ্য, বাংলাদেশের এই স্পিকার এককালে পাকিস্তানি সেনার ক্যাপ্টেন ছিলেন। পরবর্তী সময়ে একাত্তরের মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশে সামরিক সম্মানও পান তিনি। বাংলাদেশের সেই স্পিকারই এ বার পাকিস্তানে গিয়ে ভারতের বিরুদ্ধে মুখ খুললেন। তাঁর কথায়, “গত ১৫ বছরে বাংলাদেশ একটি প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত হয়েছে। এটা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে খুবই দুর্ভোগের।”
এমনকি কাশ্মীর প্রসঙ্গেও পাকিস্তানের দাবিকে সমর্থন করেন বাংলাদেশের সংসদের স্পিকার। ভারত বারবার বুঝিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটি সম্পূর্ণ অভ্যন্তরীণ একটি বিষয়। তবে পাকিস্তান সফরে গিয়ে হাফিজউদ্দিন বলেন, “রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত।” উল্লেখ্য, কাশ্মীর প্রসঙ্গে বিভিন্ন সময়ে এমন দাবি করে এসেছে পাকিস্তান। এ বার তাদের দাবিকেই সমর্থন জানালেন বাংলাদেশের স্পিকারও।