জয়পুরহাটের পাঁচবিবিতে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫ ও ২০ বিজিবি ব্যাটালিয়নের যৌথ আভিযানিক দল। এ ঘটনায় জড়িত আরও এক ব্যক্তি পালিয়ে গেছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চেঁচড়া গ্রামের মৃত মুল্লুক চাঁদের ছেলে মো. আবুল কাশেম (৫৫) ও মৃত ছইমুদ্দিনের ছেলে মো. সুরুজ মন্ডল (৪০)। পলাতক ব্যক্তির নাম মো. রিফাত (২৩)। তিনি পাঁচবিবি উপজেলার ভুইডোবা গ্রামের মো. ইউসুফ হোসেনের ছেলে।
যৌথ আভিযানিক দলের তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চেঁচড়া গ্রামের কয়েকজন মাদক কারবারি নিজেদের বাড়িতে তা মজুত রেখেছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। রাত সাড়ে ১২টার দিকে চেঁচড়া বাইতুচ্ছালাম জামে মসজিদের পাশে আবুল কাশেমের বাড়িতে অভিযান চালানোর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন আবুল কাশেম ও সুরুজ মন্ডল। পরে যৌথ বাহিনী তাঁদের গ্রেপ্তার করে।
আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে পলাতক রিফাতের বাড়িতেও অভিযান চালানো হয়। তবে তিনি রাতের অন্ধকারে পালিয়ে যান।
অভিযানে গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। যৌথ আভিযানিক দলের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে অবৈধভাবে মাদক সংগ্রহ, মজুত ও এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।