সবুজ পাহাড়ের বুক চিরে সোনালি রঙের হাসি। সে হাসিতে হাসছে জুমিয়া অর্থাৎ কিষান-কিষানি। পাহাড়ের ভাঁজে ভাঁজে নানা প্রজাতির ফসলের আড়ালে ধানও হয়েছে বাম্পার। দূর থেকে দেখলে এক মুহূর্তে মনে হবে থোকাই থোকাই ঝুলেছে সোনা। এরই মধ্যে পাহাড়ে পাহাড়ে জুম তোলার ধুম পড়েছে। ধানের পাশাপাশি মিশ্র ফসল ঘরে তুলতে উৎফুল্ল মনে ব্যস্ত সময় পাড় করছেন জুমিয়ারা। পার্বত্যাঞ্চলের পাহাড়ে জুড়ে দেখা মিলছে এখন এমন চিত্র। শুধু কি তাই? জুম তোলার আনন্দে গানের তালে মেতেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ তরুণীরা।
কৃষি বিভাগ বলছে, পার্বত্যাঞ্চলে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবিকার প্রধান উৎস এ জুম চাষ। বাংলাদেশের মধ্যে শুধু তিন পার্বত্য জেলা- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা পাহাড়ি ঢালে বিশেষ পদ্ধতিতে চাষাবাদ করতে বেশ পারদর্শী।
জুম চাষি অমিয় কান্তি চাকমা বলেন, জুমিয়াদের চোখে মুখে এখন আনন্দের উচ্ছ্বাস। সবে মাত্র শুরু হয়েছে জুম কাটার উৎসব। সবাই উৎফুল্ল মনে জুমের পাকা ধান সংগ্রহ করছে। এবার জুম পাহাড়ে ধান ছাড়াও উৎপাদন হয়েছে- মরিচ, হলুদ, আদা, মারফা, বেগুন, ধানি মরিচ, ঢ্যাঁড়শ, কাঁকরোল, কুমড়াসহ নানা জাতের মিশ্র ফসল।
স্থানীয় জুমচাষি অজয় চাকমা জানান, জুমে বীজ বপনের পর পাঁচ মাস পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের পর ফসল পাওয়া যায়। জুমে শুধু ধান না, চাষ হয় মিশ্র ফসলও। যেমন- ধান, মারফা, মিষ্টি কুমড়া, ভুট্টা, তুলা, তিল, আদা, হলুদ, মরিচ, বেগুন, জুরো আলু, সাবারাং, মারেশ দাদি (ডাঁটা), পোজি, আমিলে, ওলকচু, সাম্মো কচু, ঢ্যাঁড়শ, কলা, পেঁপে ও যবসহ প্রায় ৩৩টি জাতের ফসল উৎপাদন করা হয়।
কৃষি বিভাগ
রাঙামাটি কৃষি বিভাগ তথ্য মতে, বছর শেষে অর্থাৎ পৌষ-মাঘ মাসে পাহাড়ের ঢালে গাছ-পালা- বন-জঙ্গল কেটে আগুনে পুড়িয়ে পরিষ্কার করার পর জুম চাষে উপযোগী করে তোলা হয় স্থানটি। এর পর বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে পোড়া জুমের মাটিতে গর্ত খুঁড়ে এক সঙ্গে বিভিন্ন রকম বীজ বপন করে থাকে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর চাষিরা। ধান পাকে ভাদ্র-আশ্বিন মাসে। সব শেষে কার্তিক-অগ্রহায়ণ মাসে তোলা হয় তুলা, তিল ও যব। তবে একটি স্থানে একবারই জুম চাষ করা হয়। পরের বছর জুমচাষ করার জন্য নতুন পাহাড় খুঁজে নেন জুমচাষিরা। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের মাঠপর্যায়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয়। যাতে তারা ফলন ভালো পায়। রাঙামাটিতে প্রায় ১৮টি জাতের জুমে ধান চাষ হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- হরিণ বিনি, পাধাতটারা, আমেই, কালা কবরক, লঙ লঙ, মেলে (কুকী), কামারাঙ, তোর্গী, বাধেইয়া, কবরক, লেঙদাচিকন, গেলঙ, পাত্তেগী, গুরি, বিনি, কবাবিনি ও লোবাবিনি। অন্যদিকে, পার্বত্যাঞ্চলে প্রতি বছর ঠিক কত হেক্টর জমিতে জুম চাষ হয়- তাঁর সঠিক পরিসংখ্যানের তথ্য আজও জানতে পারেনি কৃষি বিভাগ।
রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, পাহাড়ে একটি পাহাড়ে একবার জুম চাষ করা যায়। এ ছাড়া একই পাহাড়ে আবার জুম চাষ করতে হলে অনন্ত ১৫ বছর অপেক্ষা করতে হবে। কিন্তু জমি কমে আসায় একই পাহাড়ে বারবার জুম জাষ করার ফলে উৎপাদন আগের তুলনায় কমে এসেছে। চলতি বছর শুধু রাঙামাটির ৫ হাজার হেক্টর জমিতে জুমের চাষাবাদ হয়েছে। যার উৎপাদনের মধ্যে শুধু ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার মেট্টিক টন। এ ছাড়া অন্যান্য ফসল ২০ হাজার মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য জুম একটি ঐতিহ্যবাহী চাষাবাদ হলেও এটাতে পাহাড়ের জীববৈচিত্র্যে ব্যাপক ক্ষতি হয়।