নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রচারে মাইকিং করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রচারে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।
শুক্রবার বিকেলে নওগাঁ ও রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল জলিল প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৩) এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের গমা সরকারের ছেলে আব্দুল জলিল সরকার (৫০)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন নওগাঁ-রাজশাহী সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের সড়কে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন, এমন প্রচারের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে আসে। এরপর তদন্ত ও অভিযান শুরু করা হয়। দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে এ ঘটনায় দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
এসপি আরও জানান, গ্রেপ্তার শহিদুল ইসলাম শহীদ বিষয়টি সম্পর্কে জানতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তবে মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত বৃহস্পতিবার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে প্রচার চালাচ্ছেন এক যুবক। প্রচারের শুরুতে তিনি মান্দা উপজেলাবাসীকে সালাম এবং অন্য ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে আদাব ও শুভেচ্ছা জানান। পরে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে দাবি করেন। একই সঙ্গে দলমত নির্বিশেষে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলাকে অস্থিতিশীল করার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান চলছে।