রাজধানীসহ সারাদেশে কাঁচামালের বাজারে শীতকালীন সবজি শিম, ফুলকপি, মুলা উঠেছে। শীতের সবজি আগমনে কমেছে কিছু সবজির দাম। এছাড়া গত সপ্তাহের তুলনায় কমেছে ডিমের দামও। বর্তমানে বাজারের সবচেয়ে সস্তা সবজি লাউ ও পেঁপে। আর দামি সবজির তালিকায় রয়েছে- টমেটো, শিম ও ফুলকপি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি ও পটোল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বেগুন ও কাঁকরোলের কেজি ৮০ টাকা। শীতের আগাম জাতের মুলা ও ঢ্যাঁড়সের দামও কেজিপ্রতি ৭০ টাকা। তবে আগাম শিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিতে ১২০ টাকা। আর প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। বর্তমানে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ও মিষ্টিকুমড়া। প্রতি কেজি পেঁপে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৭০ টাকায় বিক্রি হয়।
এদিকে সবজির উচ্চমূল্যের মধ্যে একমাত্র স্বস্তি এসেছে কাঁচা মরিচের বাজারে। এখন মানভেদে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, কচুরমুখি ৮০ টাকা বিক্রি করা হচ্ছে। সবজি ক্রেতা সৌরভ আহমেদ বলেন, ‘বাজারের সস্তা সবজি হচ্ছে লাউ, পেঁপে। দামি সবজি টমেটো ও শিম। শীতকালীন সবজি বাজারে আসায় কিছুটা দাম কমেছে।’
বাজারে আরও ঘুরে দেখা যায়, মুরগির বাজারেও দামে তেমন পরিবর্তন নেই। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৮৫ টাকা এবং সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের দামও আগের চেয়ে ১০ টাকা ডজনে কমেছে। প্রতি ডজন ব্রাউন ১৪০ টাকা ও সাদা ১৩০ টাকা। হালিপ্রতি ডিম ৪৬ টাকায় বিক্রি হচ্ছে।
মোহাম্মদপুর টাউন হলের হেলাল ট্রেডাসের মালিক আবু হেলাল বলেন, মুরগীর ডিম প্রতিদিনই উঠানামা করে। আজকে ব্রাউন ডিম ডজন ১৪০ টাকা আর সাদা ডিম ১৩০ টাকা বিক্রি করছি। গত সপ্তাহে ১৫০ টাকা ডজনও বিক্রি করেছি।
এদিকে গরুর মাংসের দাম আগের মতোই আছে। ৮০০ টাকা কেজি বিক্রি করতে দেখা যায়। ব্রয়লার মুরগি বিক্রেতা মনির হোসেন বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরেই মুরগির দাম ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে আছে। ১০ টাকা কমে আবার অন্য সপ্তাহে ১০ টাকা বাড়ে। ঘুরিয়ে-ফিরিয়ে ২০০ টাকা আশপাশে দাম থাকে। আর সোনালি ৩১০ থেকে ৩২০ টাকার মধ্যে থাকে। আজকে ৩১০ টাকা কেজি বিক্রি করছি।’