শারদীয় দুর্গাপূজার লম্বা ছুটিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি মুদি বাজারসহ কাঁচাবাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর এখন উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের তুলনায় ডিম ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও চালের বাজার অপরিবর্তিত আছে। তবে সবজি ও মাছ মাংসের বাজারের দাম কমার কোনও নাম-গন্ধ নেই। ফলে দামাদামি করে যেকোনও এক তরকারি নিয়েই ঘরে ফিরছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) পুরান ঢাকার রায় সাহেব বাজার ও নয়াবাজার বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি ও পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। বেগুন ও কাঁকরোলের কেজি ১০০ টাকা। শীতের আগাম জাতের মুলা ও ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। তার দ্বিগুণ দামে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শীতের আগাম শিম। নতুন আলু ১৪০ টাকা আর প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা।