নওগাঁর ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব। ঢাকঢোলের তালে নাচ-গান ও নানা আয়োজনের মধ্য দিয়ে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়কে তুলে ধরেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।


২২ অক্টোবর বিকেলে উপজেলার খেলনা ফুটবল মাঠে গোপীরামপুর উরাঁও ছাত্রছাত্রী ও গ্রামবাসীর আয়োজনে ২১তম কারাম উৎসব অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে উৎসবস্থল পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসের মিলনমেলায়।

খেলনা কারাম উৎসব কমিটির সভাপতি রুবেল টপ্প্যুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, ধামইরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম লায়েক আলী, সাধারণ সম্পাদক হানজালা, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মহেশ পাল।

আলোচনা সভা শেষে কারাম উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ঐতিহ্যবাহী এ আয়োজনের মধ্য দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।