নওগাঁর ধামইরহাটে ৬৫ বছর বয়সী হালিমা বেগমকে হত্যার ঘটনায় তাঁর ছোট ভাই মজনু রহমান ও ভাবী হোসনে আরাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সম্পত্তি ও গবাদিপশুর প্রতি লোভ, কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া এবং মাদক বিক্রিতে বাধা দেওয়াসহ বিভিন্ন বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়।
২১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন রবিউল ইসলাম (৩৯), হামিদুর রহমান (৫৫) ও মোশারফ হোসেন (৪৫)। এ সময় হত্যায় ব্যবহৃত রশি ও ওড়না জব্দ করার কথা জানায় পুলিশ।
পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর সকালে ধামইরহাট উপজেলার ছিলিমপুর (তালবোনা) গ্রামের একটি বাঁশঝাড়ের পাশে ধানখেতের আইলে হালিমা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর এক কানের লতি কাটা এবং অন্য কানের লতি ছেঁড়া অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর তদন্তে নামে ধামইরহাট থানা পুলিশ।
পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে মজনু রহমান ও তাঁর স্ত্রী হোসনে আরাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আলমপুর ও ছিলিমপুর এলাকা থেকে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হালিমা বেগম ছিলেন নিঃসন্তান ও স্বামী পরিত্যক্তা। বাবার বাড়িতে ছোট ভাই মজনুর ঘরের পেছনে একটি ছাপড়া ঘরে বসবাস করতেন তিনি। মানুষের বাড়িতে কাজ করার পাশাপাশি গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর জমানো টাকা ও গবাদিপশুর প্রতি মজনু ও হোসনে আরার লোভ ছিল বলে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।
এ ছাড়া স্থানীয় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় রবিউল এবং জমিজমা নিয়ে পুরোনো বিরোধের কারণে হামিদুর ও মোশারফ তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন বলে দাবি পুলিশের। এসব বিরোধের জেরে ঘটনার প্রায় পাঁচ দিন আগে পাঁচজন মিলে তাঁকে হত্যার পরিকল্পনা করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পরিকল্পনা বাস্তবায়নে ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে হামিদুর কৌশলে হালিমাকে ঘর থেকে ডেকে বের করেন। পরে অন্যরা তাঁর মুখ চেপে ধরে প্রায় ২০০ গজ দূরে একটি খড়ের পালার পেছনে নিয়ে যান। সেখানে হাত বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয় বলে আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে জানিয়েছে পুলিশ।
এরপর কানের স্বর্ণের দুল খুলে নিতে তাঁর এক কানের লতি কেটে এবং অন্য কানের লতি ছিঁড়ে ফেলা হয় বলে পুলিশের দাবি। পরে মরদেহ বাঁশঝাড়ের আড়ালে ফেলে রেখে দুল দুটি নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে তাঁরা চলে যান।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযোগগুলোর চূড়ান্ত নিষ্পত্তি হবে বিচারিক প্রক্রিয়ায়।