সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে শিল্পকারখানা স্থাপনের দীর্ঘ প্রতীক্ষা অবসানের প্রত্যাশা তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সংযোগসহ প্রয়োজনীয় কাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিকল্পনা বাস্তবায়িত হলে প্লট বরাদ্দ পাওয়া উদ্যোক্তারা কারখানা স্থাপনের উদ্যোগ নিতে পারবেন। এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থান সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় এ আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।


তিনি বলেন, উত্তরাঞ্চলের বেকারত্ব কমানো এবং এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য প্রকল্পের বাকি কাজ দ্রুত শেষ করে শিল্প স্থাপনের উপযোগী পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।


মুখ্য সচিব আরও বলেন, নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক মাঠে এক সভায় থমকে থাকা প্রকল্পটি দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্টরা কাজ করছেন। প্রকল্পের কাজ শেষ হলে উদ্যোক্তারা শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কার্যক্রম শুরু করতে পারবেন।
সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক চালু হলে শুধু নতুন শিল্পপ্রতিষ্ঠানই গড়ে উঠবে না, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণেরও সুযোগ তৈরি হবে। বিশেষ করে উত্তরাঞ্চলের তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি এ অঞ্চলে বিনিয়োগ আকর্ষণেও প্রকল্পটি ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় ও মো. শাহাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান এবং জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর আহমেদ পলাশসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


পরিদর্শন শেষে মুখ্য সচিব শিল্প পার্ক প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। পরে তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নির্মাণাধীন শহীদ শামসুদ্দিন গেট-২-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্টদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ শেষ হলে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ককে কেন্দ্র করে নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং উত্তরাঞ্চলের শিল্পায়নের পথ আরও প্রসারিত হবে।