শীতকালীন দলবদলে বড় চমক দিতে পারে পিএসজি। বোর্নমাউথের তরুণ ফরাসি ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপিকে দলে নিতে আগ্রহী প্যারিসের ক্লাবটি। তবে ২০ বছর বয়সী এই ফুটবলারকে পেতে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের সঙ্গে। ক্রুপির দাম ১০০ মিলিয়ন ইউরোর বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানুয়ারির দলবদলে নতুন খেলোয়াড় নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি পিএসজি কোচ লুইস এনরিকে। তবে নতুন খেলোয়াড় নেওয়াকে বাধ্যতামূলক মনে করছেন না তিনি। এনরিকে বলেছেন, ‘আমরা সুযোগের অপেক্ষায় আছি। তবে নতুন খেলোয়াড় নেওয়া জরুরি—এমন নয়।’
পিএসজির আক্রমণভাগে চোটের সমস্যাও রয়েছে। চোটে পড়েছেন খভিচা কাভারৎসখেলিয়া। বারবার শারীরিক সমস্যায় ভুগছেন উসমান দেম্বেলে। নতুন যোগ দেওয়া মিকা গডৎস ও ফেরান তোরেসেরও দলের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে। এ পরিস্থিতিতে আক্রমণভাগ শক্তিশালী করতে একাধিক খেলোয়াড়ের নাম বিবেচনায় রেখেছে ক্লাবটি।
ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতো জানিয়েছে, পিএসজির নজরে আছেন বোর্নমাউথের ক্রুপি। গত গ্রীষ্মের দলবদলেও তাকে পেতে আগ্রহী ছিল পিএসজি। তখন প্যারিসে যোগ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এই তরুণ ফরোয়ার্ড। তবে এবার তাকে পেতে লড়াইয়ে আছে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখও।
ডান পায়ের পঞ্চম মেটাটারসাল হাড়ের চোট থেকে সেরে উঠে মাঠে ফিরেছেন ক্রুপি। ২৫ অক্টোবর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর তিনটি ম্যাচে বদলি হিসেবে খেলেছেন তিনি। লিডস ইউনাইটেডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে মৌসুমে নিজের প্রথম গোলও করেছেন।
ক্রুপিকে পেতে সহজ হবে না পিএসজির পথ। বোর্নমাউথের সঙ্গে তার চুক্তি ২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত। ফলে তাকে ছাড়তে বড় অঙ্কের অর্থ দাবি করতে পারে ইংলিশ ক্লাবটি। গত গ্রীষ্মে তার দাম ১০০ মিলিয়ন ইউরোর বেশি হতে পারে বলে আলোচনা ছিল।