সেখানে ফর্টিজের হয়ে রাফায়েল টুডু এএফসি চ্যালেঞ্জ লিগে ভারত ও তাজিকিস্তানের বিপক্ষে ক্লাবের হয়ে গোল করেছেন। এর আগে ঘরোয়া লিগেও পেয়েছেন গোলের দেখা। এরপরও জাতীয় দলের হেড কোচের নজরে আসেননি টুডু।

রোনান সুলিভান ও মাহী খানের ওপরই স্ট্রাইকিং ভরসা রেখেছিলেন কোচ ডুলি। রোনান ইনজুরির জন্য আসেননি। এরপর টুডুকে ডাক পেতে পারেন- এমন আলোচনা ছিল ফুটবলাঙ্গনে। তবে কোচ নতুন করে আর কোনো খেলোয়াড়কে ডাকেননি।

গেল ১৮ অক্টোবর ছিল সাফে ২৮ জন ফুটবলারের নাম জমা দেয়ার শেষ তারিখ। স্বাগতিক হওয়ায় এখনও নাম দেয়নি বাংলাদেশ। আগামীকাল সেটা জমা দেয়ার কথা। এতদিন সময় নিলেও টুডুকে ডাকার প্রয়োজন মনে করেননি কোচ ডুলি।

টুডুকে জাতীয় দলে ডাকা প্রয়োজন ছিল বলে মনে করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। তিনি বলেন, ‘টুডু গত এক মাসে অনেক ভালো পারফরম্যান্স করছেন। এর ফল হিসেবে জাতীয় দলে ডাক পাওয়া দরকার ছিল। রোনানের ইনজুরির পর নাম্বার নাইন হিসেবে তাকে বিবেচনা করতে পারতেন। হয়তো কোচ শেষ মুহূর্তে আর পরীক্ষা-নিরীক্ষা করতে চায়নি।’

বাফুফে কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বরাবরই মিডিয়ার সহযোগিতা চান। সাফ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে অনেক আগ্রহ রয়েছে। অথচ জাতীয় দলের অনুশীলন সেশন কাভারের সেভাবে সুযোগই পাচ্ছে না মিডিয়া। সর্বশেষ গত বুধবার মিডিয়া সেশন ছিল। আজ টানা পাঁচ দিন জাতীয় দল সংক্রান্ত কোনো কাভারেজ করতে পারেনি মিডিয়া।

আনুষ্ঠানিকভাবে মিডিয়া সেশন না থাকলেও কোচ-ম্যানেজাররা হোটেলের সামনে কথা বলেন। এতে ফেডারেশনের শৃঙ্খলা ও পেশাদারত্বের অভাব ফুঁটে উঠে অনেক। জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু আবার মিডিয়া কমিটির চেয়ারম্যান। অধিকাংশ সাংবাদিকরা তাকে ফোনেও পান না।