ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ফারমিন লোপেজ। বার্সেলোনার হয়ে দারুণ পারফরম্যান্সের পর স্প্যানিশ এই মিডফিল্ডার জানিয়েছেন, যত দিন সম্ভব ক্যাম্প ন্যুতে থাকতে চান তিনি। এমনকি বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথাও জানিয়েছেন।
রাতে লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে ৬-১ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থ রাফিনিয়ার দুটি গোলে সহায়তা করেন ফারমিন।
দুর্দান্ত পারফরম্যান্সের পর ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ ধরনের খবরে আমি মনোযোগ দিই না। বার্সেলোনায় যত দিন সম্ভব থাকতে চাই। আশা করি, এই ক্লাবেই ফুটবল ক্যারিয়ার শেষ করতে পারব।’
ইংলিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাঝমাঠ শক্তিশালী করতে ফারমিনকে দলে নিতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি থাকা এই মিডফিল্ডারের ক্লাব ছাড়ার কোনো ইচ্ছা নেই।