কদিন আগেই হ্যাটট্রিক করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এক হাজার ক্যারিয়ার গোলের মাইলফলকে পৌঁছাতে আর ১৫টি গোল দরকার। সেই ব্যবধানটা আল নাসরের আসন্ন এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে কমাতে পারতেন পর্তুগিজ তারকা। কিন্তু উজবেকিস্তানে পাখতাকোরের বিপক্ষে খেলতে দেখা যাবে না তাকে।

সোমবার তাসখন্দে হতে যাওয়া ম্যাচটির জন্য সফরকারী দলে নেই ৪১ বছর বয়সী রোনালদো। আল নাসর কোচ আনগে পোস্তেকোগলু ফ্রান্সের দুই খেলোয়াড় কিংসলে কোমান ও মোহাম্মেদ সিমাকানকেও বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রশ্ন উঠছে, রোনালদো কেন এই ম্যাচে খেলবেন না? সৌদি সংবাদপত্র আরিয়াদিয়াহ জানিয়েছে, ঘরোয়া ও মহাদেশীয় প্রতিযোগিতায় ঠাসা সূচির কারণে খেলোয়াড়রা যাতে ক্লান্তিতে না ভোগেন, সেজন্য কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিতে চান কোচ।

তবে রোনালদোর এই অনুপস্থিতির নেপথ্যে ইনজুরির কোনো খবর নিশ্চিত করা যায়নি। তার বদলে তরুণ ফরোয়ার্ড আব্দুলরহমান সুফিয়ানিকে অন্তর্ভুক্ত করেছে আল নাসর। তবে পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে এই সিদ্ধান্ত উজবেকিস্তানের ভক্তদের হতাশ করেছে। রোনালদোকে সামনে থেকে দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন তারা।

বিজ্ঞাপন


আগামী ৬ নভেম্বর সৌদি প্রো লিগে আল নাসর মুখোমুখি হবে আল হাজেমের। সেই ম্যাচেই দলের বড় তারকা ফিরতে পারেন। আপাতত তাকে ছাড়াই খেলতে হবে চ্যাম্পিয়নস লিগের পরের ম্যাচ।