মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টাইগার স্পিনারদের চেয়ে বেশি উইকেট নিয়েছেন সফরকারী স্পিনাররা। তাইতো জয়ের পর স্পিনারদের প্রশংসা ঝরেছে ক্যারিবিয় অধিনায়ক রোস্টন চেজের কণ্ঠে।
ম্যাচ শেষে চেজ বলেন, ‘আমাদের মানসম্পন্ন স্পিন আক্রমণ আছে, বিশেষ করে জোমেল ওয়ারিকানের নেতৃত্বে। ওকে আমি অনেক বছর ধরে চিনি, আমরা একই স্কুলে পড়েছি। ও খুব দক্ষ একজন বোলার এবং প্রতিনিয়ত উন্নতি করছে। যখনই সুযোগ পায়, নিজের সামর্থ্যের প্রমাণ দেয়। স্পিন বোলিং ইউনিটকে নেতৃত্ব দিচ্ছে সে, আমাদের ভালো করার আত্মবিশ্বাস জোগাচ্ছে। তাকে অভিনন্দন জানাতে চাই।’
পেসারদের অবদানও মনে করিয়ে দিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক, ‘আমাদের পেসাররাও রান রেট নিয়ন্ত্রণে রাখতে দারুণ সাহায্য করেছে। বাংলাদেশকে বেশি রান করতে দেয়নি। প্রথম দিনের দ্বিতীয় ঘণ্টা বাদ দিলে আমরা নিজেদের ছন্দ খুঁজে পেয়েছিলাম এবং লাইন-লেংথ দিয়ে বাংলাদেশের ব্যাটারদের চাপে রেখেছিলাম। আমাদের পুরো বোলিং ইউনিটকে কৃতিত্ব দিতে হবে।’
জয়ের পেছনে দ্বিতীয় ইনিংসে দ্রুত উইকেট নেওয়াকে বড় কারণ হিসেবে দেখছেন চেজ, ‘প্রথমত, বাংলাদেশকে খুব বেশি লিড নিতে না দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে বাংলাদেশের মাটিতে শেষ ইনিংসে বড় লক্ষ্য তাড়া করা কঠিন। এরপর দ্বিতীয় ইনিংসে বল হাতে আমরা ভালো শুরু করি। দ্রুত চারটি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলাম। এরপর ধৈর্য ধরে বাকি উইকেটগুলো নেওয়ার চেষ্টা করেছি।’