সবশেষ জাতীয় দলের হয়ে কয়েকটি সিরিজ খেলতে পারেননি নাহিদ রানা। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও নেই। চোটের কারণে মাঠের বাইরে আছেন টাইগার এই পেসার।
নাহিদের না থাকা নিয়ে এবার কথা বললেন জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করা নাহিদকে নিয়ে বিসিবিকে ঈশপের গল্পের কথা মনে করিয়ে দিয়েছেন বিশপ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নাহিদ রানাকেও চিকিৎসাবিজ্ঞানের সহায়তায় সেভাবে আগলে রাখতে হবে। সময়ের সঙ্গে যেন তার শরীর পেস বোলিংয়ের এই কঠিন চাপ সহ্য করার মতো শক্তিশালী হয়ে ওঠে। সংক্ষেপে এটাই বলতে চাই—তাকে নিয়ে তাড়াহুড়ো করা যাবে না। তাৎক্ষণিক সাফল্যের লোভে পড়ে “সোনার ডিম পাড়া হাঁসটিকে’ যেন মেরে ফেলা না হয়”।
প্রধান কোচ ফিল সিমন্সকে নিয়ে বিশপ বলেন, ‘আমি জানি বাংলাদেশ দলের ড্রেসিংরুমে ফিল সিমন্সের মতো একজন অভিজ্ঞ ও দক্ষ কোচ আছেন। সে আমার বড় ভাইয়ের মতো, অত্যন্ত চমৎকার একজন কোচ। তিনি বিষয়টি খুব ভালোভাবেই উপলব্ধি করবেন, কারণ পেস বোলিং খুবই ধকলের একটি কাজ। ইনজুরির প্রবণতা কারও কারও শরীরে অন্যদের চেয়ে কিছুটা বেশিই থাকে—নিজের ক্যারিয়ারের একের পর এক স্ট্রেস ফ্র্যাকচারের অভিজ্ঞতা থেকে আমি তা ভালোভাবেই জানি।’
ইনজুরি নিয়ে বিশপ বলেন, ‘তাই দলের ফিটনেস ও কন্ডিশনিং ট্রেনারদের খুব সতর্ক থাকতে হবে, যাতে তারা যথাযথ স্ট্রেন্থ ওয়ার্কের মাধ্যমে নাহিদ রানা প্রতিরোধক্ষমতা তৈরি করে দিতে পারেন। মেডিকেল টিমের ভূমিকাও এখানে সমান গুরুত্বপূর্ণ। যেমনটা অস্ট্রেলিয়া করেছে-অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তাদের মেডিকেল ব্যবস্থার মাধ্যমে মিচেল স্টার্ক, ইনজুরি-পরবর্তী প্যাট কামিন্স কিংবা জশ হ্যাজলউডদের চমৎকারভাবে সামলেছে। যার ফলে ৩৩, ৩৫, ৩৬ এমনকি ৩৭ বছর বয়সেও তারা এখনো দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন। এমনকি স্কট বোল্যান্ডও।’