ছোট ভিডিওর গণ্ডি পেরিয়ে দীর্ঘ সময়ের অনুষ্ঠান, পডকাস্ট ও হাস্যরসাত্মক পরিবেশনা দেখার সুযোগ তৈরি করছে ইনস্টাগ্রাম। ‘ফিচারস’ নামে নতুন একটি ভিডিও সুবিধা পরীক্ষা করছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। এতে নির্বাচিত নির্মাতারা সর্বোচ্চ ৯০ মিনিটের অনুভূমিক ভিডিও প্রকাশ করতে পারবেন। পাশাপাশি ছোট রিলস থেকে সরাসরি পূর্ণাঙ্গ ভিডিও দেখার সুযোগও থাকবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রাম প্রথমে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু নির্মাতার মধ্যে এ সুবিধার পরীক্ষা শুরু করেছে। এর আগে ব্রাজিলেও সীমিত পরিসরে পরীক্ষা চালানো হয়েছে। পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রে আরও বিপুলসংখ্যক নির্মাতাকে পরীক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে সবার জন্য সুবিধাটি চালুর নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি।
প্রতিবেদনে বলা হয়, নতুন সুবিধার মূল লক্ষ্য হলো, ব্যবহারকারীরা যেন ইনস্টাগ্রাম ছেড়ে অন্য কোনো প্ল্যাটফর্মে না গিয়েও দীর্ঘ ভিডিও দেখতে পারেন। কোনো পডকাস্ট, সাক্ষাৎকার বা হাস্যরসাত্মক অনুষ্ঠানের ছোট অংশ রিলসে দেখার পর সেখান থেকেই পুরো ভিডিওতে প্রবেশ করতে পারবেন তারা।