কারাবাও কাপ থেকে আর্সেনালের বিদায়ের পর আলোচনায় কোচ মিকেল আরতেতার আচরণ। ১৬ বছর বয়সী তরুণ ফুটবলার ম্যাক্স ডাউম্যান লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় তার প্রতি আরতেতার প্রতিক্রিয়া ভালো লাগেনি আর্সেনাল কিংবদন্তি পল মারসনের। তার মতে, এমন পরিস্থিতিতে তরুণ খেলোয়াড়কে বকা না দিয়ে পাশে দাঁড়ানো উচিত ছিল কোচের।

মঙ্গলবার চতুর্থ বিভাগের দল ফ্লিটউড টাউনের কাছে পেনাল্টি শুটআউটে ৫-৩ ব্যবধানে হেরে কারাবাও কাপ থেকে বিদায় নেয় আর্সেনাল। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। স্বাগতিকদের হয়ে অ্যারন লুপালো-বি প্রথমে গোল করেন। পরে ভিক্তর ইয়োকেরেস সমতা ফেরান।

ম্যাচে ৭৮ শতাংশ বলের দখল ছিল আর্সেনালের। গোলের উদ্দেশে ২৬টি শটও নেয় তারা, বিপরীতে ফ্লিটউডের শট ছিল মাত্র তিনটি। তবে এত সুযোগ তৈরি করেও জয়ের গোল পায়নি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৮৫ মিনিটে লাল কার্ড দেখেন ডাউম্যান। প্রতিপক্ষের হ্যারিসন নিলের কঠোর চ্যালেঞ্জের জবাবে পা চালিয়ে দেওয়ায় সরাসরি লাল কার্ড দেখানো হয় এই কিশোর উইঙ্গারকে। মাঠ ছাড়ার সময় বেশ ক্ষুব্ধ দেখাচ্ছিল আরতেতাকে। ডাউম্যানের আচরণে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

স্কাই স্পোর্টসকে মারসন বলেন, ‘মাঠ ছাড়ার সময় মিকেল আরতেতা তাকে কী বলেছিলেন, সেটাই আমার বেশি জানতে ইচ্ছা করছে। ঘটনাটি আমার কাছে মোটেও ভালো লাগেনি। যদি ভিক্তর ইয়োকেরেসের মতো অভিজ্ঞ কোনো আন্তর্জাতিক ফুটবলার এমন করত, তাহলে কি আরতেতা এভাবে প্রতিক্রিয়া দেখাতেন? কিন্তু তিনি এমন আচরণ করলেন ১৬ বছরের একটি ছেলের সঙ্গে?’

মারসনের মতে, তরুণ ডাউম্যানের সঙ্গে আরও সহানুভূতিশীল আচরণ করা উচিত ছিল আরতেতার। তিনি বলেন, ‘আর্সেনালের হয়ে এর আগে অনেকেই লাল কার্ড দেখেছে, ভবিষ্যতেও দেখবে। আমি হলে মাঠ ছাড়ার সময় তাকে জড়িয়ে ধরতাম, পাশে দাঁড়াতাম। তখনো ম্যাচ ১-১ ছিল, আর্সেনালের খেলার সুযোগ ছিল। জীবনে আমরা সবাই এমন কিছু বলে বা করে ফেলি, যা পরে আর করতে চাই না। সুযোগ পেলে সেও নিশ্চয়ই অন্যভাবে বিষয়টি সামলাত।’