রাজশাহী মহানগরীর রানীবাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত দুটি স্মার্টফোনসহ মো. মাখসেদুজ্জামান স্বপ্ন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর ব্যবহৃত ফোনে অনলাইন জুয়া ও বেটিংয়ের নয়টি ইউজার আইডি এবং পাঁচটি অ্যাপের সন্ধান পাওয়া গেছে।

সোমবার (২৬ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে বোয়ালিয়া থানার রানীবাজার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার স্বপ্ন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নতুন বিলসিমলা (বন্ধ গেট) এলাকার মৃত মশিউজ্জামান সুজার ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে জব্দ করা দুটি স্মার্টফোন তল্লাশি করে একটি জিমেইল আইডি, তিনটি মোবাইল সিমকার্ড এবং বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত একটি নম্বর পাওয়া যায়। এ ছাড়া ফোন দুটিতে অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ওয়েবসাইটে ব্যবহৃত নয়টি ইউজার আইডি এবং পাঁচটি অ্যাপ পাওয়া গেছে।

এ ঘটনায় স্বপ্নের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।