রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৩ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তারের পাশাপাশি ২ কেজি ৭৩ গ্রাম হেরোইন, ১ হাজার ৮৩টি ইয়াবা, ১১ কেজি ৮৪৫ গ্রাম গাঁজা, ৬০ লিটার মদ ও ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অপরাধসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ১৪১ জনের মধ্যে পরোয়ানামূলে ৫৫ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলায় ৬৪ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ১০ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রেঞ্জে মোট ৫৩টি মামলা হয়েছে। এর মধ্যে চুরির মামলা তিনটি এবং অন্যান্য ধারায় মামলা ৫০টি। এ সময়ে ৩৬ জন নিখোঁজ ব্যক্তির তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হত্যা, খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন, নারী ও শিশু নির্যাতন এবং দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি বলে জানানো হয়েছে।

মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি অপরাধী গ্রেপ্তার ও মাদক উদ্ধারের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় ১৪৫টি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময়ে কোনো চোরাচালানপণ্য উদ্ধার হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জ পুলিশের সেবাগ্রহীতার সংখ্যা ছিল ১ হাজার ১০৩ জন। চলতি মাসে এ পর্যন্ত সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪ জন।

রাজশাহী রেঞ্জ পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।