রাজশাহী মহানগরীর দামকুড়া এলাকায় চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জাকির হোসেন জনি (৩২) কে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর এর সদস্যরা।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হুজরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাজিদ শেখ (১৮) পেশায় ব্যাটারিচালিত ইজিবাইকচালক। জাকির হোসেন জনি তাঁর পূর্বপরিচিত। বিভিন্ন পেয়ারা বাগান থেকে পেয়ারা সংগ্রহের কথা বলে জনি প্রতিদিন এক হাজার টাকা ভাড়ায় সাজিদের ইজিবাইক ভাড়া করতেন।
গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে সাজিদ তাঁর ইজিবাইক নিয়ে দামকুড়া বাজারে যান। এ সময় জনিসহ অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজন তাঁকে পূর্বপরিকল্পনা অনুযায়ী একটি খাবার হোটেলে নিয়ে যান। সেখানে খিচুড়ি ও চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাঁর ইজিবাইক ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সাজিদের লিখিত অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দামকুড়া থানায় জনিসহ অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজনের বিরুদ্ধে দস্যুতার মামলা করা হয়। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যান।
এসআরবি জানায়, আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে সংস্থাটি। গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি ও কথিত মূলহোতা জনিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জাকির হোসেন জনি রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভিমের ডাইং এলাকার আশগর আলী টেপার ছেলে। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।