রাজশাহীর দামকুড়ায় মোনোড্রিল সিরাপসহ মো. রাজন আলী (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশের দাবি, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে।
গতকাল (২৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৯টার দিকে দামকুড়া থানার সোনাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজন আলী ওই গ্রামের মৃত একরাম আলীর ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় রাজন আলীর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা দুই বোতল মোনোড্রিল সিরাপ উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে ১৫টি মাদক মামলা ছাড়াও রাজশাহী মহানগরী পুলিশ আইনে একটি নন-এফআইআর প্রসিকিউশন রয়েছে।
এ ঘটনায় রাজন আলীর বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।