রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। আজ সোমবার (২৬ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন বোয়ালিয়া থানার শিরইল কলোনি এলাকার মৃত খালেকের ছেলে লিটন এবং শাহমখদুম থানার হরিয়ার ডাইং এলাকার ফুয়াদ আলীর ছেলে মো. সাজিউল ইসলাম।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের সময় তাঁদের গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত লিটনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। অন্যদিকে, সাজিউল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান চলবে।